আদাব-ই-আমগিরী নামক ফার্সী হস্তলিপিতে সম্রাট আওরংজীবের অনেক চিঠি সংগৃহীত আছে। এই সকল চিঠি পাঠে সপ্তদশ শতাব্দীর ভদ্রতা ও শীলতাজ্ঞান এবং মুঘল শাজাদাগণ কিরূপ ভাবে শিক্ষিত হইতেন তাহার অনেক খবর জানা যায়। ১৬৫৪ খ্রি: অক্টোবর মাসে আওরংজীব দাক্ষিণাত্যে রাজপ্রতিনিধি ছিলেন। তাঁর পুত্র মুহম্মদ সুলতানের বয়স তখন পঞ্চদশ বৎসর মাত্র। আওরংজীবের পুত্র তখন সম্রাট শাহজাহান সমীপে উপস্থিত হইবার জন্য আজমীরের উদ্দেশ্যে রওনা হইয়াছিলেন। যাহাতে পুত্র সম্রাটের কাছে সুনাম অর্জন করিতে পারে সে জন্য আওরংজীব উৎসুক হইয়া উঠিয়াছিলেন; পুত্রের জন্য পিতার এরূপ ঔৎসুক্যও স্বাভাবিক। শাহজাদার প্রত্যেক দিনের প্রত্যেক ঘণ্টার কাজের একটা পুঙ্খানুপুঙ্খ তালিকা করিয়া দেওয়া হইয়াছিল।
যথা :
বাড়ীতে কিম্বা কুচের সময় যে সময়ই হোক না কেন সূর্যোদয়ের ৭২ মিঃ পূর্ব্বে শয্যাত্যাগ করিবে। স্নান ও প্রসাধনের নিমিত্ত ৪৮ মি:র অধিক সময় ব্যয় করিবে না। স্নান ও প্রসাধন সারিয়া সকালের ফজর নমাজে যোগদান করিবে নমাজের শ্লোক (আয়াৎ) আওড়াইয়া কুরানের একটি অধ্যায় প্রত্যহ পড়িবে। যদি কুচের অবস্থায় থাক, তবে সূর্যোদয়ের ৪৮ মিঃ পরে অশ্বারোহণে যাত্রা করিবে। যদি পথে শিকার করিতে ইচ্ছা হয়, তবে সাবধান হইবে, যাহাতে নির্দ্দিষ্ট সময়ের পূর্ব্বনিৰ্দ্দিষ্ট স্থানে উপস্থিত হইতে পার। নির্দ্দিষ্ট স্থানে উপস্থিত হইয়া যদি ইচ্ছা হয় কিংবা সময় পাও তবে আরবী ভাষায় কিছু পাঠ করিবে। তারপর বিশ্রাম লইবে। দুপুরের ২৪শ মি: পরে তোমার শিবির হইতে বাহির হইয়া জোহর নমাজে যোগ দিবে। জোহর নমাজে উপস্থিত সকলের সঙ্গে করিবে। তারপর আহার করিয়া দিবানিদ্রা উপভোগ করিবে। সূর্যাস্তের ঘণ্টা দুই পূর্ব্বে উঠিয়া আসর নমাজ পড়িবে। যদি আহার করিয়াই শরীরের সমস্ত গ্লানি দূর হয় তবে আর নিদ্রা যাইও না। সেই সময়টা হাতের লেখা ভাল, চিঠি পত্রাদি লিখিতে অভ্যাস, এবং ফার্সী গদ্য পদ্য পাঠ করিও। আসর নামাজের পর কিছুক্ষণ আরবী পাঠ করিও। তারপর সূর্যাস্তের ২৪শ মি: পূর্ব্বে নির্ব্বাচিত মণ্ডলী (select audience) লইয়া দরবারে বসিবে। ২৮ মিঃ রাত্রি পর্য্যন্ত এই দরবারে থাকিবে। তারপর নিজ গৃহে ফিরিয়া কোরানের এক অধ্যায় পড়িবে। রাত্রি ৯টার সময় শুইতে যাইবে।
কুচের পথে–সেদিন যদি বিশ্রামের দিন হয় তবে-যে সব কাজ পূর্ব্বে বলা হইয়াছে সেই সব কাজ করিবে। অশ্বারোহণের পরিবর্তে ৪৮ মি: ধরিয়া তীর ছোঁড়া ও বন্দুকের গুলি দ্বারা লক্ষ্যভেদ করা অভ্যাস করিবে। সূর্যোদয়ের ১ ঘণ্টা দ্বারা লক্ষ্যভেদ করা অভ্যাস করিবে। সূর্যোদয়ের ১ ঘণ্টা ৪৮ মি: পরে দরবার বসাইবে। দরবার কাল ৪৮ মি: বা কাজের কমবেশী অনুযায়ী কমবেশী সময় হইবে। যদি কোন বিশেষ প্রয়োজনীয় কাজ থাকে তবে বিশ্বস্ত প্রধান কর্ম্মচারীদের লইয়া ঘণ্টাখানিক একটা গুপ্ত বৈঠক বসাইবে। এইরূপ কোন কাজ না থাকিলে এই চার ঘড়ি সময় আরবী পাঠে ব্যয় করিবে।
Edition wwwwwwwwwwww
Published On 27/01/2023
Author যদুনাথ সরকার