এমন মানুষ নেই যার নারীর প্রতি একটা টান নেই … এ টান মোটেই দোষের নয়। যখন আকাশ থেকে আদি পুরুষ পৃথিবীতে এলেন, তখন তাঁর বড় শূন্য বোধ হতে লাগলো। খোদা তাঁকে এক পত্নী দিলেন–যিনি হলেন তার সঙ্গিনী ও বন্ধু।
নারী তো পুরুষের বন্ধু। আকাশের নিচে দাঁড়িয়ে বিপদ ঝঞ্ঝার চাপে পড়ে কাঁপছে, কাছে তোমার পত্নী রয়েছে; তার হাত ধরলে তোমার বুকে বিপুল উৎসাহ আসবে। একার পক্ষে সে আঘাত সহ্য করা তোমার সম্ভব হতো না।
যে কারণে বেঁচে আছ সেই শুভ উদ্দেশ্যকে সার্থক করবার জন্যে তুমি নারীর সঙ্গে মিলিত হতে পার–অন্য কোনো কারণে নয়। অসত্য ও পাপকে অবলম্বন করে যদি প্রতিষ্ঠা চাও, তবে নারীকে তোমার সঙ্গিনী হবার জন্য আহ্বান করো না–এ জন্যে নারীর সৃষ্টি হয় নি। তোমার পুণ্যকে বাঁচিয়ে রাখার জন্যে নারী এসেছিল–তার সৌন্দর্য সুষমার অপব্যবহার করো না।
তারই নারীর সঙ্গে প্রেম করবার অধিকার আছে, যে নিজেকে সত্যের সৈনিকরূপে প্রচার করে। যে, এ জগতে পাপ ও অন্যায়কে দলিত করবার জন্যে বেঁচে আছে–সে মানুষ, সে মিথ্যার উপাসক নয়।
বড় কাজের পথে নারী অন্তরায় এ বিশ্বাস করো না। তোমাকে জয়যুক্ত করবার জন্যই তো নারীর আগমন। তোমার দুর্বল বাহুতে, তোমার ভাঙ্গা মনে শক্তি দেবার জন্যেই তো সে তোমার পাশে দাঁড়িয়ে।
যে নারী স্বামীর সাধনা পথের সহায় না হয়ে অন্তরায় হয়েছেন তিনি তার নারী জীবনকে ব্যর্থ করে দিয়েছেন।
লর্ড বেকন (Lord Bacon) বলেছেন, বিয়ে করলে বড় কাজ করবার ক্ষমতা থাকে না। রাতদিন তাকে ভাতের ভাবনা ভাবতে হয়–সে জীবনের কাজ কি করবে?
কতগুলি মানুষ সন্ন্যাসী থেকে মানব জাতির কল্যাণের জন্যে জীবন উৎসর্গ করুক, এ আমি চাই নি। সমাজের সেবায় কারো এত বড় ত্যাগ স্বীকারের আবশ্যকতা নেই। তিনি বড় হতে পারেন, কিন্তু তার এ নীরব জীবন দেখে আমার মনে কষ্ট হয়। আমি এ সেবা চাই নে।
পিতা, ভাই বা স্বামীরূপে যে মানব পরিবারে স্পর্শে আসে নাই। সে কোনো বিশেষ পথে জীবনকে সার্থক করতে পারে, কিন্তু মানুষের ব্যথা ঠিক ঠিক বোঝবার ক্ষমতা তার হয়তো হয় না। তার প্রকৃতিও তেমন সরস হয় না।
নারী পুরুষের রক্তে-মাংসে জড়িয়ে আছে, সে তাকে কেমন করে অস্বীকার করবে? দুঃখ বেদনা থেকে অব্যাহতি পাবার জন্যে যে বিয়ে করে না–সে কাপুরুষ। উপবাসক্লিষ্ট পরিবারের দুঃখদগ্ধ উপাসনা খোদার দুনিয়াকে বড় মধুর করে তুলেছে। নারী-পুরুষ মিলিত হলে যদি জগতের দুঃখ বাড়ে, বাড়ুক–সে দুঃখ-ব্যথাকে জয় করতে হবে। আগেই একেবারে দুঃখ হতে পালাতে চেষ্টা করো না–তা হলে খোদার সঙ্গে প্রেম করাটাই মিছে হয়ে যাবে।